দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সাড়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকট মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্যবসায়ী নেতারা তাদের মতামত তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়েছে। কিছু সমস্যার সমাধান হয়েছে, আবার কিছু বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠক করা হয়েছে।
‘বিনিয়োগে কোথায় বাধা রয়েছে, ব্যবসায়ীরা কী সমস্যার মুখে পড়ছেন-এসব বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি শুনেছেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে সমাধান করা হবে,’ যোগ করেন তিনি।
বন্ধ কল-কারখানা চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, যেসব মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো কীভাবে পুনরায় চালু করা যায়, সরকারি কারখানাগুলো কীভাবে আবার শুরু করা যায়-এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুরোনো প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
জ্বালানি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা থেকে সহায়তা পাওয়া যাচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ইকবাল হাসান মাহমুদ টুকু, বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও বিনিয়োগ বোর্ডের নির্বাহ চেয়ারম্যান আশিক চৌধুরী।


