আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় এবং যে পদক্ষেপ প্রয়োজন, সবই নেওয়া হবে।
তিনি বলেন, বিতর্কের জন্ম দিতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা হবে এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান–এই লক্ষ্য থেকেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে, প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ কমিটি গঠন করেন এবং তিনি নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রায়হান মদিনা, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
এর আগে সম্প্রতি প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও সুলতান মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে।
সর্বশেষ ৯ মার্চ বিচারাধীন মামলার এক আসামিকে সুবিধা দেওয়ার বিনিময়ে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে।
ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে শোনা যায়, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের পর প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ঘটনাটি নিয়ে আইনি ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


