প্রবাসীদের জন্য টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি

প্রবাসীদের জন্য টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি
ছবি; সংগৃহীত
Advertisement
Advertisement

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের নানামুখী সমস্যা ও ভোগান্তি নিরসনে জাতীয় সংসদে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান।

কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধিতে তার উত্থাপিত এই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে সম্মতি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুত গঠিত হলে বিষয়টি সেখানে বিস্তারিত আলোচনা করা যাবে।

পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান ও অগ্রাধিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বিত ওয়ার্কিং কমিটি গঠন করার ঘোষণা দেন তিনি।

পাসপোর্ট ও এনআইডি জটিলতা দূরীকরণে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু এবং ৭২ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে প্রবাসে পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শিগগিরই মালয়েশিয়া সফর করবেন এবং সেখানে শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।

এর আগে আলোচনার সূত্রপাত করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রবাসীদের শুধু ‘টাকার মেশিন’ বা ‘শ্রমিক’ হিসেবে না দেখে দেশের ‘বীর’ হিসেবে মূল্যায়ন করতে হবে।

আরও পড়ুন

প্রবাসীদের সম্পত্তি রক্ষা, মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধে এবং দূতাবাসগুলোর কার্যক্রম মূল্যায়নে এই সংসদীয় টাস্কফোর্স সরেজমিনে বিভিন্ন দেশ সফর করে বাস্তবসম্মত সুপারিশ তৈরি করতে পারে, যোগ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রবাসীদের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করেন।

তিনি জানান, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে এবং প্রবাসীদের সেবাদান সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ওমান, মালয়েশিয়া ও বাহরাইনসহ বিভিন্ন দেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতোমধ্যে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ইউরোপের নতুন বাজারগুলোতেও কর্মী পাঠানোর প্রক্রিয়া চলছে।

আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রবাসীদের বিমান টিকিটের সিন্ডিকেট, ভুয়া রিক্রুটিং এজেন্সির প্রতারণা এবং পাসপোর্ট নবায়নের অনিয়ম তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

সামগ্রিকভাবে, দেশের অর্থনৈতিক চালিকাশক্তি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত ও রেমিট্যান্স প্রবাহ টেকসই করতে সরকারি ও বিরোধী উভয় পক্ষই একাত্মতা প্রকাশ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad