বিচারপতিদের অবসরের পর লাভজনক পদ বিচার প্রভাবিত করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিচারপতিদের অবসরের পর লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচার কাজকে প্রভাবিত করে। এমনকি তা স্বার্থের দ্বন্দও তৈরি করে।’
সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল অফিস এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৫ জন শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আইনমন্ত্রী সাবেক বিচারক মাসদার হোসেনের সমালোচনা করে বলেন, ‘যিনি মক্কেলের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করেন, তার মুখে নৈতিকতার কথা মানায় না।’
এ ছাড়া, সংসদ সদস্যদের (এমপি) গবেষণা কাজে সহায়তার জন্য একজন করে ইন্টার্ন নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।


