দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটার ও ফুটবলারদের খুঁজে বের করতে ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ শীর্ষক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, ঢাকা বিকেএসপিসহ দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী প্রতিভাবান বালক খেলোয়াড়দের নিয়ে এই অন্বেষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
দেশের প্রতিটি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে দুজন করে মোট ১৬ জন খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকায় বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা।
আগ্রহী খেলোয়াড়দের জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে নিকটস্থ ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।
বিকেএসপির মহাপরিচালক মুনীরুল ইসলাম বলেন, ‘এই কর্মসূচি সময়োপযোগী একটি পদক্ষেপ। দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের স্ট্রাইকার বা স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে।’
তিনি আরও জানান, নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের তথ্য দিয়ে একটি ডাটা ব্যাংক তৈরি করে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া হবে। পাশাপাশি বিকেএসপিতে পরবর্তী সময়ে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে।
মুনীরুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, ‘এই উদ্যোগ থেকে পাওয়া খেলোয়াড়রা ভবিষ্যতে দেশের ক্রিকেট ও ফুটবলকে আরও সমৃদ্ধ করবে।’


