সাংবাদিক শফিক রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার। ২০২১ সালের এই দিনে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মারা যান।
দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে তার নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া রাজধানীতে দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। তার পরিবারের পক্ষ থেকে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে শফিক রহমান দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে বিচিত্রা, প্রোব নিউজ ম্যাগাজিন, নিউইয়র্ক ভিত্তিক একাত্তর, দ্য অর্থনীতি প্রতিদিন, দ্য ডেইলি সান ও দ্য সাউথ এশিয়ান মনিটর।
পেশাদার আলোকচিত্রী না হয়েও তার দুটি একক আলোকচিত্র প্রদর্শনী ‘দ্য ডাইং গ্রাউন্ডস’ ও ‘দ্য ওয়েস্টল্যান্ড’ সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ায়।
শফিক রহমান তার গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।


