কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায়।
বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে জেলের জালে বিশাল এই মাছ ধরা পড়ে।
এত বড় মাছ তুলতে জেলেদের যথেষ্ট কষ্ট হয়েছে জানিয়ে জেলে সাইফুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ জীবনে কখনও দেখিনি, মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।’
প্রথমে মাছটির দাম দুই লাখ টাকা হেঁকেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘দরদাম শেষে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করি। এমন বড় মাছ ধরা পড়ায় জেলেরা খুব খুশি। সাগরের ঝুঁকিপূর্ণ জীবনের মাঝেও এই ধরনের মাছ জেলেদের মুখে হাসি ফোটায়।’
বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর মাছটি কেনেন। তিনি জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়ে না। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।
এর আগে গত ২২ নভেম্বর সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছির বিরল ও উচ্চমূল্যের কালো পোয়া মাছ। যার ওজন ছিল ৩২ কেজি।


