শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকালে নালিতাবাড়ী থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও আইসিপি সংলগ্ন ১১১৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের সুভান আলী, আব্দুল মারুফ রহমান, আজিজুল ইসলাম, আব্দুল আলিম, আলামিন, মদু মুরারি, অনিকুল ইসলাম, মো. তাজেল, মেসবাউল ও আব্দুল হাকিম।
বিজিবির হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডার মো. ফুল মিয়া জানান, ফেরত আসা বাংলাদেশিরা মূলত শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় এক বছর ভারতে অবস্থানের পর, দুদিন আগে মেঘালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় পুলিশ তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি তাদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি নিয়মিত মামলা করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে মামলার পর গ্রেপ্তারকৃতদের বিকালেই আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


