উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি করে আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।
সংসদ সদস্য ইকরামুল বারী টিপু তার লিখিত প্রশ্নে জানতে চান, নওগাঁর মান্দা উপজেলাসহ দেশের প্রতিটি উপজেলায় কর্মজীবী মহিলা এবং শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না? থাকলে, তা কত দিনে বাস্তবায়ন হবে?
জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের সন্তানদের নিরাপত্তা ও সুরক্ষার লক্ষ্যে নওগাঁ জেলায় একটি ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হলে সে ক্ষেত্রে মান্দা উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দেশে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটের আওতায় ৪৩টি, উন্নয়ন বাজেটের আওতায় ২০টি এবং জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত একটি প্রকল্পের আওতায় নতুন করে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।


