ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই সনদের ধারা-৮-এ সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং ধারা-৯-এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার বিষয়টি বলা আছে।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, এসব বিষয়ে আইনি বিতর্ক থাকলেও বিএনপিসহ সবাই জুলাই সনদে সই করেছে। সনদের ওপর গণভোট হয়েছে এবং জনগণ তাতে সায় দিয়েছে।
তার দাবি, এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টতই জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা এবং জুলাই সনদে পাওয়া জনরায়কে উপেক্ষা করা।
হাজারো মানুষের উৎসর্গিত জীবনের প্রেক্ষাপটে এ ধরনের আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
গাজী আতাউর রহমান আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই জনরায় উপেক্ষার দৃষ্টান্ত তৈরি করা হয়েছে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনরায়কে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না বলেও তিনি সতর্ক করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে বিএনপি এভাবে ব্যবহার করলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করার আহ্বান জানান।


