জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে সরকারের নীতি ও কর্মকাণ্ড পর্যালোচনা, ভুলত্রুটি চিহ্নিত করা এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে বিরোধী দলের একটি কার্যকর ছায়া সংসদ থাকলে সরকারের নীতি, মন্ত্রিসভার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।’
‘সংসদ কার্যকর না থাকলে দেশ আবারও বিপথে যেতে পারে বলে আশঙ্কা থেকে যায়’ উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দল উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। আমলাতন্ত্র, সিভিল প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকর সংস্কার না হলে সরকারের উন্নয়ন উদ্যোগের সুফল যথাযথভাবে জনগণের কাছে পৌঁছাবে না।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের প্রতি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক অর্জন ও নাগরিক অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে কায়সার কামাল বলেন, স্বাধীনভাবে কথা বলা ও লেখার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এসব অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
কায়সার কামাল আরও বলেন, ‘আমরা কে সরকারি দল বা কে বিরোধী দল, তা বিবেচ্য বিষয় নয়। আমরা সবাই বাংলাদেশের দল, বাংলাদেশি। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসব এবং কাজ করব।’


