চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম
ছবি: এনসিপির সৌজন্যে
Advertisement
Advertisement

বিএনপি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ফিরিয়ে আনার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজ ও স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।

মঙ্গলবার শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে শরীয়তপুর জেলা এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি, এই দুই শক্তির কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। তার অভিযোগ, বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ফিরিয়ে এনেছে। নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল দাবি করে তিনি বলেন, এখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে। এরপরও বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোথাও দাম ২ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। তার অভিযোগ, বিএনপি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শরীয়তপুর বার নির্বাচনে কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দেশপ্রেমিক ও এলাকার উন্নয়নে আগ্রহীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা রাতের ভোট করেছে, তাদের পরিণতি মনে রাখতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad