বিএনপির ১৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির ১৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কমিটি থেকে বহিষ্কৃত ও পদ স্থগিত থাকা ১৭ নেতাকর্মীর সাজা প্রত্যাহার করেছে দলটি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে এসব নেতাকর্মী শাস্তির আওতায় এসেছিলেন।

বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সদস্য পদ ফিরে পেয়েছেন দলটির নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানার সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলার সাবেক সহসভাপতি মো. সাদেক আলী, সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ফিরোজা বেগম, হবিগঞ্জ জেলার সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪ নম্বর চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানার সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী এবং কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তাদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad