‘বিএনপির লক্ষ্য সেবার রাজনীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া’

‘বিএনপির লক্ষ্য সেবার রাজনীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া’
ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সেবার রাজনীতির মাধ্যমে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ‘যারা রাজনীতি করেন, তাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়; বরং দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখা। সেবার রাজনীতির মাধ্যমেই একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।’

মঙ্গলবার রাজধানী ঢাকার খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের সেবা ও দেশের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরাই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন।

ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের এই উদ্যোগ প্রমাণ করে যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজ করা। ভালো কাজের সঙ্গে বিএনপি সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন

আগামী দিনে কলেজটির শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে হাবিব বলেন, খিলগাঁও মডেল কলেজকে এমন একটি শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত করা হবে, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা থাকবে এবং দেশ-বিদেশে কলেজটির সুনাম ছড়িয়ে পড়বে।

রাজনীতিতে জয়-পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের জন্য কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতেও এই কলেজের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

অনুষ্ঠানে ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। হাবিব বলেন, নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তার স্মৃতিকে ধারণ করেই দেশসেবার মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

এ সময় বিএনপির মূল স্লোগান– ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি জানান, এই আদর্শকে ধারণ করেই মানুষের সেবা ও দেশের উন্নয়নের রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর