জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন বলে জানিয়েছে দলটির গণমাধ্যম শাখা।
বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মীর স্নিগ্ধ যখন বিএনপির প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির স্নিগ্ধের সদস্য ফরমটি বুঝে নেন।
২৭ বছর বয়সী মীর স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে কাজ করছেন।
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার উত্তরার আজমপুরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর স্নিগ্ধের জমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে স্নাতক শেষে ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন। পাশাপাশি করতেন ফ্রিল্যান্সিংও।
গুলিতে নিহত হওয়ার কিছুক্ষণ আগে টিয়ার গ্যাসের মধ্যেও পানির বোতল হাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘পানি লাগবে, পানি’ বলে ছুটে যাচ্ছিলেন তিনি। মুগ্ধের মৃত্যুর পর এই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জুলাই মাসে যে কয়টি মৃত্যু শিক্ষার্থীদের আন্দোলনকে বেগবান করেছিল, মীর মুগ্ধের মৃত্যু ছিল তার অন্যতম।


