শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে সিজারিয়ান অপারেশনসহ সব ধরনের কার্যক্রম পরিচালনার অপরাধে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার বিকালে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারের ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে বেসরকারি ওই হাসপাতাল সিলগালা করা হয়।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূর উপস্থিত ছিলেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি ভবন ভাড়া নিয়ে হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চলছিল- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে।
এর আগে, গত শুক্রবার বিকালে হাসপাতালটিতে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজার করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার বিকাল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালটির মালিক নির্লব হাসান মিন্টু বলেন, ‘আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে আমাদের হাসপাতাল থেকে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।’
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে হাসপাতালের অনুমোদনের কাগজ ছিল না, তাই সিলগালা করা হয়েছে ‘
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন বলেন, জেলার সব অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চলমান থাকবে।


