বুধবার বান্দরবানে হয়ে গেল ঐতিহ্যবাহী ‘মৈত্রী পানি বর্ষণ’ উৎসব। বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় এই উৎসবে মারমা যুবক-যুবতীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে দেয়।
মারমা জনগোষ্ঠীর বর্ষবিদায় ও নববর্ষ বরণে বান্দরবানে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিন শহরের রাজার মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মৈত্রী পানি বর্ষণ ও সাংগ্রাই উৎসব দেখতে অনুষ্ঠানে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
এছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সহ জেলার সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান এসময় অসাম্প্রদায়িক বর্ষবরণ উৎসবের শিক্ষাকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহবান জানান।
মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের সময় মঞ্চে চলছিল বিভিন্ন লোকজ সংগীত। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ এই উৎসব উপভোগ করেন।
কর্মসুচি অনুযায়ী বৃহষ্পতিবারও মৈত্রী পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মারমাদের পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল ১৪৮৭ সাকক্রয়-এর শেষ দিন। এরপর ১৭ এপ্রিল শুরু হবে নতুন বছর।


