বান্দরবানের থানচিতে সাড়ে ৫ বছর বয়সী এক শিশুকে ১৫ বছর বয়সী এক কিশোর ধর্ষণ করেছে বলে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ওই শিশু ত্রিপুরা সম্প্রদায়ের।
এ ঘটনায় রোববার সকাল থেকে থানচি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এ সময় অভিযুক্তের বিচারের ভার জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে থানা ঘেরাও করে ভাঙচুর চালানো হয়। সেই সঙ্গে বিজিবির একটি গাড়িতেও হামলা চালায় বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়ায় খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত বিজয় বড়ুয়া। এরপর তাকে ধর্ষণ করা হয়।
ঘটনা জানাজানি হলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
বিজিবির বলিপাড়া জোনের সহকারি পরিচালক জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়লে থানচি থানা পুলিশ রোববার সকালে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় নিয়ে আসে। একইসঙ্গে ভুক্তভোগী শিশুকে তার বাবা মাসহ থানায় আনা হয়।
এ সময় অভিযুক্ত বিজয়কে থানা থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা বিচার করার দাবিতে একদল বিক্ষুব্ধ জনতা থানচি থানা ঘেরাও করে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা থানায় গেলে উপস্থিত জনতা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বিজিবির একটি গাড়িতে হামলা চালায়। তবে বিজিবি সদস্যরা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানচি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ফয়সাল জানান, বিজিবি ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি প্রশাসনের আয়ত্বে এসেছে।
তিনি জানান, আসামী এবং ভুক্তভোগীকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিষোর এবং ভিকটকে থানায় আনা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


