ঢাকার বাড্ডা সাঁতারকুল এলাকায় একটি কারখানা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম কালিমুজ্জামান শরীফ ওরফে কালিম (৪০)। কারখানায় আগুন লেগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে কালিমুজ্জামানের মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন মরদেহের সুরতহাল প্রতিবেদনে লেখেন, সাঁতারকুলে ‘শরীফ এন্টারপ্রাইজ’ নামক ফোম ও ম্যাট্রেস কারখানার মালিক ছিলেন কালিমুজ্জামান। কারখানাটিতে লাগা আগুনে পুড়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কালিমুজ্জামানের ছোট ভাই ফাইজুল শরীফ জানান, তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। বাবার নাম নাসির উদ্দিন শরীফ। তার ভাই কালিমুজ্জামান বর্তমানে সাঁতারকুল পূর্ব ভাওয়ানিয়া পাড়া মুন্সিবাড়ি রোডে থাকতেন।
শনিবার মধ্যরাতে তিনি বাসা থেকে তার সোফা ও ম্যাট্রেস তৈরির কারখানায় গিয়েছিলেন। পরদিন সকালে তার পাশের ফার্নিচার কারখানায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে তার কারখানায়। এতে কারখানার ভিতরেই আগুনে পুড়ে মারা যান তিনি।
ফাইজুল আরও জানান, তার ভাইয়ের কারখানায় দুই কর্মচারীও কাজ করেন। ঘটনার দিন তারা কারখানাতে এসে পৌঁছানোর আগেই আগুন লাগে। তবে ওই কারখানার গেটের বাইরে তালা দেওয়া ছিল। কিন্তু তালাটি সেখানে কীভাবে এল সেটি এখনো পরিষ্কার না।


