গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করছে পুলিশ।
আটককৃতরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী ও বিপ্লব ওরফে ডিপজল। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
শনিবার সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা ও ভুক্তভোগী কিশোরী জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফোনে কথা বলতে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় চারজন তাকে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


