ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানের শিশুদের সঙ্গে ঈদের দিনটি কাটিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার দুপুরে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালক) যান। সেখানে তিনি শিশুদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে নিয়ে দুপুরের খাবারে অংশ নেন এবং তাদের পরিবেশিত একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এরপর তিনি মুন্সিগঞ্জ শহরের ‘মুন্সিগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদ্রাসা’ পরিদর্শনে যান। সেখানেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।


