চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে রাবার-চাকাযুক্ত গ্যান্ট্রি ক্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে টার্মিনালের দক্ষিণ অংশে ৪ নম্বর জেটিতে থাকা আরটিজি-৪০১৪ ক্রেনে আগুন লাগে।
আগুনের ঘটনায় তাৎক্ষণিক ও জরুরি সাড়া দেয় বন্দরের দমকলকর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের ক্ষতি বা বন্দরের কার্যক্রমে ব্যাঘাত এড়ানো গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান ব্যক্তিগত কর্মকর্তা নাসির উদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন,’ আরটিজি ক্রেনটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর বন্দরের নিজস্ব দমকল ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।’
পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর দমকলকর্মীরাও অভিযানে যোগ দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন সফলভাবে নেভানো হয়।
নাসির উদ্দিন বলেন, ‘তাৎক্ষণিক সাড়ার কারণে আগুন ছড়িয়ে পড়েনি বা বড় আকার ধারণ করেনি।’
ক্রেনটির ইঞ্জিন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পদহানির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কনটেইনার ওঠানো-নামানোসহ বন্দরের সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।


