কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাসেল মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া একই গ্রামের বাসিন্দা। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল মিয়া। ওই টাকা পরিশোধে দেরি হওয়ায় কয়েক দিন আগে রাসেলের সঙ্গে ছাইদুর রহমান, মামুন, সুমন, হিমেলসহ কয়েকজনের বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে সোমবার সকাল ৯টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পারিবারিক একটি মামলায় আগে থেকেই রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পরে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াদ শাহেদ রনি বলেন, ‘রাসেল মিয়াকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় রাসেলকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল জেনে প্রতিপক্ষ পুলিশকে খবর দিয়েছিল।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


