দীর্ঘদিন ধরে অসুস্থ চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন। ক্যান্সারে আক্রান্ত এই নৃত্য পরিচালককে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছে পরিবারটি।
জাকিরের স্ত্রী রিমা বলেন, ‘হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা নিয়মিত দেখছেন। তবে তারা কোনো আশার কথা শোনাননি। বলেছেন, তার অবস্থা খুব একটা ভালো নয়। সুস্থ হওয়ার সম্ভাবনাও কম।’ তিনি তার স্বামীকে বাঁচাতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
জানা গেছে, ১২টি কেমোথেরাপি সেশনের মধ্যে গত ১৮ জুন নবম কেমো নিয়েছেন জাকির। তবে এখনো শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। যদিও তার পেটে জমে থাকা পানি অনেকটাই কমেছে, বেড়েছে বমির সমস্যা। আগে খাবার খাওয়ার পর বমি হতো, এখন না খেলেও বমি হচ্ছে।
চিকিৎসকরা কেমোথেরাপির পাশাপাশি ইমিউনোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেখানে কেমোথেরাপির ব্যবস্থা থাকলেও ইমিউনোথেরাপির সুযোগ নেই।
হাসপাতালে ছোট সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর দেখভাল করছেন রিমা। তিনি জানান, জাকিরের পরিবারের সদস্যদের তেমন কাউকে পাশে পাওয়া যাচ্ছে না। তবে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা খোঁজখবর রাখছেন এবং সহযোগিতার চেষ্টা করছেন।
এদিকে জাকির নিজেও বাঁচার আকুতি জানিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সরকারি সহায়তা কামনা করেছেন। তার পরিবারের দাবি, পর্যাপ্ত আর্থিক সহায়তা পেলে উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হবে।
গত মে মাসে উন্নত চিকিৎসার জন্য জাকিরকে ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে দেশে ফিরে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী বর্তমানে দেশে তার চিকিৎসা চলছে। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। এর আগেও জাকির জানিয়েছিলেন, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও বন্ধুদের সহায়তায় তার চিকিৎসা চলছে।


