জাতীয় বাজেট, অর্থনীতি ও জননীতি বিষয়ে দক্ষতা বাড়াতে নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার ও শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশনকে সামনে রেখে দলের সংসদ সদস্যদের কার্যকর ও গবেষণাভিত্তিক ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দলের সংসদ সদস্যরা অংশ নেন।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী ও জনকল্যাণভিত্তিক।
তিনি আরও বলেন, আসন্ন বাজেট অধিবেশনে সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার, সুশাসন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রশ্নে জামায়াতের সংসদ সদস্যদের গঠনমূলক ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদসহ শীর্ষ নেতারা।
তারা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আরও দক্ষ, গবেষণানির্ভর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
দুই দিনব্যাপী কর্মশালায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা বিভিন্ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেশনগুলোতে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব ব্যবস্থাপনা এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জাতীয় বাজেটের বিভিন্ন খাত বিশ্লেষণ, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সংসদে কার্যকরভাবে উপস্থাপন এবং বাজেট বিতর্কে তথ্যভিত্তিক অংশগ্রহণের কৌশল সম্পর্কেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।


