জনভোগান্তি দূর করাসহ বেশ কিছু কারণে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলগুলোও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সে অনুযায়ী, সোমবার থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এসব স্কুল। এরপর শুক্র-শনিবার বাদ দিয়ে একেবারে ২৯ মার্চ থেকে শুরু হবে ক্লাস। সে হিসেবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় ছুটি থাকবে ২০ দিন।
রোববার শিক্ষামন্ত্রী আ ন ম এসছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোয় সোমবার থেকে ঈদ উল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে স্কুলগুলোয় কোনো আবশ্যিক পরীক্ষার আগে থেকে নির্ধারণ করা থাকলে সেগুলো সময় অনুযায়ী হবে।
একই সঙ্গে বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলা মাধ্যমের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করে সরকার। ঈদসহ নানা ছুটি কাটিয়ে এসব স্কুলও ২৯ মার্চ খোলার কথা রয়েছে।


