শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে।
মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে দুজনের এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং সার্বিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এসময় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাত পর্যন্ত শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এছাড়া চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং আগামীদিনে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।
দুজনেই বাংলাদেশের শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করেন।
বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা সহায়তা জোরদার নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


