চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফর স্থগিত হয়ে গেছে। ভারত সরকার এই সফরের অনুমোদন দেয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) এ কথা জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।
চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফরের কথা ছিল।
বাংলাদেশ নারী দলের এই সফর আর হবে কিনা বিসিসিআই তা নিশ্চিত করে জানায়নি। তবে ইঙ্গিত দিয়েছে, পরবর্তীতে দুই দেশের খেলার সূচিতে কোন ‘গ্যাপ’ থাকলে তখন আবার সফর আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে সফর আয়োজনের সম্ভাবনা আলোচনা করে দেখছে বিসিবি।
ডিসেম্বর মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বিসিবি এখন নারী ক্রিকেট দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতার দিকে মনোযোগ দিয়েছে। আগামী বছর নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বকে মাথায় রেখে আয়োজন করা হচ্ছে টি-টুয়েন্টি বাংলাদেশ ক্রিকেট লিগ।


