স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পাটপণ্য আমদানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেড় মাসের মাথায় চার ধরনের পাটপণ্যের ব্যাপারে দেশটির নতুন নিষেধাজ্ঞা এল।
নতুন বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। কেবল দেশটির মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে।
সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশের পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি এবং পাটের বস্তা বা ব্যাগ স্থল বন্দর দিয়ে আমদানি করা যাবে না। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
নতুন এই নিষেধাজ্ঞার ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।
এর আগে গত ২৭ জুন নয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিজিএফটি। ওই তালিকায় বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি ছিল পাটের অপরিশোধিত আঁশ ও পাঁটের সুতা যেমন ক্যানাফ, হেম্প, রামি ইত্যাদি।
নতুন আদেশে বলা হয়েছে, এ বিষয়ে গত ২৭ জুনের আদেশের শর্তসহ অন্যান্য বিধি অপরিবর্তিত থাকবে এবং এক্ষেত্রেও প্রযোজ্য হবে।
উল্লেখ্য, বিশ্বে পাট ও পাটজাত আঁশ ও সুতার অন্যতম বড় রপ্তানিকারক বাংলাদেশ। যার একটি বড় অংশ যায় ভারতে।


