আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ হলেও বাংলাদেশের সমীকরণটা সহজ। ম্যাচ জিতলে বেঁচে থাকবে এশিয়া কাপের সুপার ফোরের আশা, আর হেরে গেলে লিটন দাসদের ধরতে হবে দেশে ফেরার বিমান। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে বদল এসেছে চারটি। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। একাদশে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। সাত ব্যাটার, দুই পেসার ও দুই স্পিনারের কম্বিনেশন এই ম্যাচে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত আছে আফগানিস্তান একাদশ।
সোমবার নেট অনুশীলন করেছে বাংলাদেশ। নেট সেশনে সাইফ হাসানকে শুরুতেই ব্যাট করতে দেখে মনে হয়েছিল, এই ম্যাচের একাদশে ফিরতে পারেন তিনি। তবে তাওহিদ হৃদয়ের বাদ পড়ার গুঞ্জন থাকলেও সেটা আর শেষমেষ হয়নি। খেলা হচ্ছে রি-ইউজড উইকেটে। আবু ধাবির এই উইকেটেই হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছিল বাংলাদেশ।
সেই উইকেটে প্রথম ম্যাচে জিতলেও শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরে যাওয়ার হিসেবে গড়বড় করে ফেলেছেন লিটন দাসরা। আফগানদের বিপক্ষে এই ম্যাচটা তাই বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে যেতে চাইলে এই ম্যাচে তো বাংলাদেশকে জিততে হবেই, প্রার্থনা করতে হবে শ্রীলংকাও যেন তাদের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জেতে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ: সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, নূর আহমাদ, আল্লাহ মোহাম্মদ গজনফর, ও ফজলহক ফারুকী


