রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এসব কেন্দ্রের মোট ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আগামী ২৫ সেপ্টেম্বর হবে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আনুষ্ঠানিকতা শেষ হলে ব্যালট বাক্স নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এরপর সেখানেই ভোট গণনা শুরু হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার
তিনি জানান, ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে ভবনের বাইরে সবার জন্য সম্প্রচার করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। বিপুল এই ভোটারের জন্য নয়টি একাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া ভোটগ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এই ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলেও জানান তিনি।
মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ
রাকসু নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আরএমপি কমিশনার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয়ের এলাকা যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। সেটি নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’
নির্বাচন ঘিরে কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা লাগবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হবে বলেও জানান তিনি।


