আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে ঢাকার উত্তর অংশের বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সোমবার সকালে মিরপুর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা হবে।
খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যাতে পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা একসঙ্গে নিশ্চিত করা যায়, তিনি বলেন।
‘সাংবাদিক ও সাধারণ জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে,’ তিনি বলেন।
দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধারে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিয়ে খালগুলো দখলমুক্ত করা হবে, তিনি বলেন।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো আমিনুল হক বলেন, বৃষ্টি হলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে, তিনি বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।


