আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকার আহ্বানও জানান সাবেক এই এমপি।
খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে শুক্রবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী ১৯৭৭-২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, দ্বীনকে সংসদে পাঠানোর এখনই উপযুক্ত সময়। এ সময়কে কাজে লাগাতে যারা এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের আরও সক্রিয় হতে হবে।
‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে অনুষ্ঠিত ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় আরও বক্তব্য দেন- খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।


