বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই নাদিরুজামান টাইমস অব বাংলাদেশকে জানান, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জানায়, রোববার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কায় এই অভিযান চলানো হয়। এসময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ দশমিক ৩৮৭ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।


