বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এই সিটি করপোরেশনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন।
এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে সকাল ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
একদিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন, বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন এবং জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তৃতা করবেন।
এ ছাড়া তিনি দুপুরে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। সন্ধ্যায় রওনা দিয়ে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।


