ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলন ও যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন এবং রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি মহান মুক্তিযুদ্ধ ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জোনায়েদ সাকি বলেন, এ নির্বাচন ছিল দেশের মানুষের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন।
তিনি বলেন, সারা দেশের ভোটাররা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল দৃঢ়তার সঙ্গে নির্বাচন সফল করতে ভূমিকা রেখেছে, যোগ করেন তিনি।
কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।
দেশবাসী, সব রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে।
তিনি বলেন, এ বিজয়ের মাধ্যমে জনগণ যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে।
সংবিধান সংস্কার পরিষদ গঠন ও তা কার্যকর করার মধ্য দিয়ে আগামী সংসদ এ দায়িত্ব পালনের পথে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক পরিশ্রমের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান জোনায়েদ সাকি।
তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দু।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তরের পথে দায়িত্ব পালনে আগামী দিনেও জনগণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনী অঙ্গীকার পূরণে সবার সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


