দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৯৯৫ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের। সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮৬ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৩, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩০ এবং রাজশাহীতে ২১ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুজনের মৃত্যুর তথ্য এসেছে ঢাকা বিভাগ থেকে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।


