আবারও ফ্যাসিবাদকে ফেরানোর পথ তৈরি করলে সে পথে নব্য ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা।
তারা বলেছেন, ‘জনগণের গণভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি ভয়াবহ হবে। প্রয়োজনে আবারও আরেকটি জুলাই সংগঠিত হবে। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নে কোনো নয়-ছয় সহ্য করা হবে না।’
সোমবার বিকালে ঢাকার বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত নির্বাচন পরবর্তী সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘নির্বাচনের পর আমরা দেখতে পাচ্ছি ফের ফ্যাসিস্টদের সামনে আনার চেষ্টা করছেন। এটি মেনে নেওয়া হবে না। যারা ফের ফ্যাসিবাদ ফেরানোর রাস্তা তৈরি করছেন তাদের সে রাস্তায় দিল্লি পাঠানো হবে। জুলাই সনদ নিয়েও কোনো তালবাহানা মানবে না জনগণ।’
সভাপতির বক্তব্যে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সারা দেশে নির্বাচনের পর ফের অতীতের ফ্যাসিস্টের মতো নেতাকর্মী এমনকি নারীদের আক্রমণ করা হচ্ছে। এটি কোনোভাবে মেনে নেওয়া হবে না। এ ধরনের হামলা বন্ধ না করলে শিগগির রাজপথে নামা হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করার চেষ্টা করা হলেও পরিণতি শিগগির দেখতে পাবেন আপনারা।’
১১-দলীয় জোটের মুখপাত্র ও জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘দিনভর সুন্দর নির্বাচনের দৃশ্য মঞ্চস্থ করে সন্ধ্যার পর ফলাফল পরিবর্তন করা হয়েছে। এটি ছিল সুন্দর নাটক। ইসি কোনো ব্যবস্থা না নিলে পরিণতি আগের ইসির মতোই হবে।’
সমাবেশে জোট নেতারা জুলাই আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে ঐক্যব্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে মিছিল করেন জোটের নেতাকর্মীরা।


