২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার হয়েছেন সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন।
মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানান।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান।
মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।
তার আইনজীবী বলেন, ‘মোস্তফা জালাল মহিউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আজ হাতকড়া পরিয়ে আদালতে আনা সম্পূর্ণ অমানবিক। উচ্চ আদালতের আদেশ অমান্য করা হয়েছে। এছাড়াও তিনি একজন ৮০ বছরের বয়োবৃদ্ধ। তাকে বারবার বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সম্পূর্ণ অযৌক্তিক।’
মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সক্রিয়ভাবে অংশ নেন রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী মাহফুজ আলম শ্রাবণ। ওইদিন দুপুর আড়াইটার দিকে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়। একটি গুলি শ্রাবণের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আছেন।


