আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নির্বাচন আয়োজনে প্রস্তুত এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘এখানে অপার সম্ভাবনা রয়েছে।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এর সমাধানে আঞ্চলিক সহযোগিতা জরুরি এবং অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সহায়তা প্রয়োজন।’
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিনেই দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চশিক্ষা, হালাল পণ্য খাত, গবেষণা এবং বাণিজ্য সহযোগিতা জোরদারে এসব সমঝোতা ও নোট ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান।
সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন।


