শিল্পীর প্রথম সৃষ্টি সবসময় বিশেষ। কণ্ঠশিল্পী কিশোর দাসও সেই আবেগে ফিরছেন। তিনি নতুন করে করছেন নিজের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘নিখোঁজ সংবাদ’। ২০০৮ সালে কুমার বিশ্বজিতের সুরে প্রকাশিত হয়েছিল অ্যালবামটি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন কিশোর।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘প্রথম যেকোনো কিছুরই আবেদন অন্যরকম। ‘নিখোঁজ সংবাদ’ আমার জীবনের ‘প্রথম’ অডিও অ্যালবামের নাম। এই গানের নামেই আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। এই গানই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান।’’
আরও লেখেন, ‘‘আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের সামনে আনার চেষ্টা করলাম। ধন্যবাদ বন্ধু আরাফাত সেতুকে। আমি আর সেতু, আমরা গানটিকে সাদামাটাভাবে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমার কাছে এই গানটা অনেক নষ্টালজিক একটা ব্যপার। নতুন ভাবে করা গানটি আপনাদের ভালো লাগলেই আমাদের সবার পরিশ্রম সার্থক…!’’
গানের গীতিকার রবিউল ইসলাম জীবন নিজের ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন। তার কথায়, ‘‘২০০৬ সালের ডিসেম্বরে গীতিকার হিসেবে আত্মপ্রকাশের পর ২০০৮ সালের ভালোবাসা দিবসে কোনো অ্যালবামের টাইটেল হিসেবে প্রকাশ পায় আমার লেখা গান। যার শিরোনাম ‘নিখোঁজ সংবাদ’। কিংবদন্তি গায়ক-সুরকার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদার সুরে যাতে কণ্ঠ দেন কিশোর দাস। সে সময়ে এটা ছিল আমার জন্য বিরাট এক প্রাপ্তি!’’
তিনি আরও লিখেছেন, ‘‘এক সন্ধ্যায় আমি শাহবাগ মোড়ে আড্ডা দিচ্ছিলাম। তখনই কিশোরের ফোন, ‘তোর গানটাই আমার প্রথম অ্যালবামের টাইটেল’। খুশিতে আমার সেই রাতের ঘুম অর্ধেক হাওয়া!’’ কিশোরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।


