ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের বিরুদ্ধে দৈনিক ঢাকা টাইমস-এর জ্যেষ্ঠ রিপোর্টার মো. মুজাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
এক বিবৃতিতে এমআরইউ’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহাগ খান ও সদস্য সচিব শাহরিয়ার নাঈম বলেন, ‘একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি প্রাণনাশের হুমকি পান, সেটি গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত চিন্তা চর্চার জন্য এক ভয়াবহ বার্তা।’
এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এমআরইউ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মুজাহিদুল ইসলাম পেশাগত দায়িত্বে থেকে সংবাদ প্রকাশ করেছিলেন। এর জেরে তাকে ভয়ভীতি দেখানো, অশালীন ভাষায় গালাগালি করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া সংবিধান ও আইনের পরিপন্থী। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
সংগঠনটি মনে করে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। তারা সাংবাদিক মুজাহিদুল ইসলামের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে এবং প্রয়োজনে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে প্রশাসন ও বিএনপির হাই-কমান্ডের কাছে দাবি জানিয়ে আরও বলা হয়, ‘ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হন।’


