ডাকসু নির্বাচনের ভোট গণনার সময় আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের এ.জি.এস প্রার্থী জাবির আহমেদ জুবেল।
পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি, যেখানে সাদিক কায়েমকে একটি কক্ষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেসময় তার পেছনে থাকা ঘড়িতে সময় দেখাচ্ছিল বিকাল ৫টা ২৩ মিনিট। ওই কক্ষে কয়েকজন স্বেচ্ছাসেবককেও দেখা যায়। তবে ওই কক্ষে আসলেই ভোট গণনা করা হচ্ছিল কিনা, তা যাচাই করতে পারেনি টাইমস অব বাংলাদেশ।
অভিযোগ তোলা ফেসবুক পোস্টে জুবেল লিখেছেন, ‘এ ঘটনায় বিভিন্ন প্যানেলের পোলিং এজেন্টরা তীব্র প্রতিবাদ জানালে, শেষ পর্যন্ত তাদেরকে কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।’
এ বিষয়ে সাদিক কায়েমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনোবারই টেলিফোন রিসিভ করেননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এ বিষয়ে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি, দিলে সে অনুযায়ী ব্যবস্থার নেব’।


