ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশের বেশি

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশের বেশি
ডাকসু নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টার এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১২টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাবে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০ দশমিক ২৪ শতাংশ, অমর একুশে হলে ৮৩ দশমিক ৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১ দশমিক ৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২ দশমিক ৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, রোকেয়া হলে ৬৫ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮ দশমিক ৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭ দশমিক ০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২ দশমিক ৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩ দশমিক ৩৭ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫ দশমিক ০২ শতাংশ, সূর্যসেন হলে ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী ৬২ জন। শুধু সদস্যপদেই লড়ছেন ২১৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ ও ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। নিরাপত্তার স্বার্থে ভোটাররা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্যাগ, তরল পদার্থ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

এবার প্রায় ১০টি পূর্ণ ও আংশিক প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ও বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর