নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাস্থ নোয়াখালীবাসী। শুক্রবার বিকালে প্রায় দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।
চকবাজার স্টাফ সমিতির উদ্যোগে ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়। ৩টা ৪০ মিনিটের দিকে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছায়। পরে সেখানে অবস্থান নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৪টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে কর্মসূচিতে যোগ দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ।
তিনি আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নিয়ে নোয়াখালী বিভাগ করার দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে অংশ নেন। এ সময় তাকে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের পর সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাত্রা শুরু করেন। এরপর ধীরে ধীরে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, নোয়াখালীকে বিভাগ করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।


