চবির সিন্ডিকেট সভায় সদস্যকে না ডাকায় অভিযোগ

চবির সিন্ডিকেট সভায় সদস্যকে না ডাকায় অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটের প্রভোস্ট ক্যাটাগরির নির্বাচিত সদস্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানকে আমন্ত্রণ না জানিয়ে সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সভা স্থগিত করা অথবা সংশ্লিষ্ট সদস্যকে অন্তর্ভুক্ত করে সভা আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দল।

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি বরাবর দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক শাহাদাত হোসাইনের সই করা আবেদনে উল্লেখ করা হয়, ওই দিন উপাচার্যের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মোহাম্মদ শামীম উদ্দিনকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

আবেদনে সাদা দল অভিযোগ করে, নির্বাচিত একজন সিন্ডিকেট সদস্যকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তে শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে নিরপেক্ষতার পরিবর্তে রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন ঘটছে বলে তারা দাবি করে।

আরও পড়ুন

এতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকের সিন্ডিকেট সদস্যপদ নিয়ে সৃষ্ট বিতর্কের আইনি নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতিতে আইনি নিষ্পত্তির পর সিন্ডিকেট সভা আহ্বান করা অথবা নির্বাচিত সদস্যকে অন্তর্ভুক্ত করে সভা আয়োজন করা যুক্তিসংগত ছিল।

সংগঠনটির অভিযোগ, তড়িঘড়ি করে সিন্ডিকেট সভা আহ্বান এবং একজন সদস্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমন্ত্রণ না দেওয়া সংগত নয়। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনে সিন্ডিকেটের সাংবিধানিকতা ও পূর্ণাঙ্গতা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় উপাচার্যকে সিন্ডিকেট সভা স্থগিত করা অথবা মোহাম্মদ শামীম উদ্দিন খানকে প্রভোস্ট ক্যাটাগরির নির্বাচিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সভা আয়োজনের আহ্বান জানানো হয়। দাবি উপেক্ষা করা হলে আইনানুযায়ী ন্যায় ও নীতির প্রতিষ্ঠায় শিক্ষকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে আবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকানকে মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর