ফরিদপুরে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুর সদরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তাদের হত্যা করে গর্তে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীতলা এলাকায় একলাস মোল্লার মালিকানাধীন পুকুর পাড়ের কলাবাগানে একটি গর্তের ওপর কলাগাছ চাপা দেওয়া অবস্থায় মরদেহ দুটি পড়ে ছিল। ওই এলাকার দুইজন নারী পুকুর পাড়ে গেলে তীব্র দুর্গন্ধ পান। গন্ধের সূত্র ধরে খোঁজাখুঁজি করে গর্তের ভেতরে মরদেহের পা দেখতে পেয়ে তারা এলাকাবাসীকে জানান। পরে পুকুর মালিক বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তুহিন মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মরদেহ দুটি আগের হওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট, পিবিআই এবং গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad