শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তীব্র যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ভোগাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘ এক ঘণ্টা যানজটে আটকে থাকায় জরুরি চিকিৎসা না পেয়েই হাসপাতালে পৌঁছানোর আগে ভ্যানগাড়িতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
নিহত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের আব্দুল রউফের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এদিন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ভ্যানগাড়িতে করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় ভ্যানটি আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সেখানে থাকার পর হাসপাতালে পৌঁছানোর আগেই আমিনুলের মৃত্যু হয়।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আড়াইআনী বাজার থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কের পাশে ধানের আড়ত বসানো, অবৈধ পার্কিং এবং অটোরিকশার বিশৃঙ্খল চলাচলের কারণে এই যানজট নিত্যদিনের ঘটনা।
নিহতের ভাই রাসেল জানান, হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে তাদের এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, সেখানে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হতো।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।


