জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা ‘জোহারি উইন্ডো’ তত্ত্বের বিকল্প বিশ্লেষণ নিয়ে একটি একাডেমিক প্রদর্শনীর আয়োজন করেছেন।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা সহযোগী অধ্যাপক সালমা আহমেদের তত্ত্বাবধানে আত্মপরিচয় ও পারস্পরিক সম্পর্কের সামাজিক স্তরগুলোকে ছয়টি পৃথক ‘আন্তঃব্যক্তিক দরজা’র মাধ্যমে উপস্থাপন করেন।

আয়োজকদের তথ্যমতে, প্রচলিত ‘জোহারি উইন্ডো’ ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করার প্রয়াস থেকে এই প্রদর্শনী সাজানো হয়েছে। শিক্ষার্থীরা আত্মপরিচয়, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক উপলব্ধির বিভিন্ন স্তরকে কেন্দ্র করে তাত্ত্বিক ও ব্যবহারিক উপস্থাপনা তুলে ধরেন। এতে শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিভাগের সহযোগী অধ্যাপক সালমা আহমেদ বলেন, ‘এটি শুধু একটি তাত্ত্বিক ধারণার প্রদর্শনী নয়, বরং ব্যক্তি ও সমাজকে নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার একটি প্রয়াস। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে ভূমিকা রাখে।’

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘একজন মানুষকে বুঝতে কেবল বাহ্যিক আচরণ নয়, তার সামাজিক বাস্তবতা ও অভ্যন্তরীণ অবস্থানও বিবেচনায় নেওয়া জরুরি।’ তিনি শিক্ষার্থীদের এই গবেষণাভিত্তিক চিন্তাচর্চার উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বিভাগের চেয়ারম্যান মৃধা মো. শিবলি নোমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


