নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে ৫ বছর বয়সী ইয়াছিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাইলিং কাজ চলাকালে মেশিনের একটি লোহার পাইপ ভেঙে শিশুটির ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা মো. রুবেল বলেন, ‘টাকা গেলে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ তো আর ফিরে পাওয়া যায় না। আমি এই ঘটনার বিচার চাই।’
স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণ কাজ চলাকালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিরাজ জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


